ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিফাত হত্যা: আদালতে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামি

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ২৭ অক্টোবর ২০২০
রিফাত হত্যা: আদালতে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামি
মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে শিশু আদালতে নিয়ে আসা হয় ৬ আসামিকে

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলা কারগারে থাকা ৬ আসামি ও জামিনে থাকা ৮ আসামিরা আদালতে হাজির হয়েছেন। 

বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আজ দুপুরে রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিদের রায় ঘোষণা করবেন। 

এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান।

Advertisement

মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে শিশু আদালতে নিয়ে আসা হয় ৬ আসামিকে। এছাড়া পরিবারের স্বজনদের সঙ্গে আদালতে হাজির হয় ৮ আসামি।

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ্ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬), আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

আদালত সূত্রে জানা গেছে, ৬৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ নির্ধারণ করেন। চলতি বছরের ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত। ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৪ অক্টোবর বরগুনা শিশু আদালত এ মামলার রায়ের দিন ধার্য করেন।  মামলার ১৪ আসামির মধ্যে ৭ আসামির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড ও ৪ আসামিকে মুক্তি দেয় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান। 

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। ওই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিশোর গ্যাং বন্ড বাহিনী প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/জেডএম/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!