ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৩২, ১৯ ডিসেম্বর ২০২০
মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সরিয়াব গ্রামের তানজিলা হত্যা মামলার আসামি মো. সোহরাব হোসেন ওরফে তোরাব হোসেন মোল্লা পিবিআইর হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, রূপগঞ্জ থানার সরিয়াব গ্রামের হাবিবুরের মেয়ে তানজিলার সঙ্গে সোহরাবের বিয়ে হয় চলতি বছর মার্চ মাসে। সোহরাব আগের তিন বিয়ের তথ্য গোপন রাখেন। এ সব নিয়ে সোহরাবের ভাবি জোহরা তানজিলাকে খেপিয়ে তুলতেন এবং তাকে নানা কু-প্রস্তাব দিতেন। এ বিষয়ে একপর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া বাধলে সোহরাব তানজিলাকে কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। এ সময় সোহরাব তানজিলার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করে থেঁতলে দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান। এ ঘটনায় গত ৮ মার্চ রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন তানজিলার বাবা হাবিবুর রহমান।

Advertisement

মামলাটি পিবিআইতে হস্তান্তর হলে পিবিআই তথ্য প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান শনাক্ত করে তাকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেফতার করে। তার বাবার নাম আবুল কাশেম আলী মোল্লা। বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা (বড় বাগলা দাউদপুর) এলাকায়।

পিবিআই এসপি নারায়ণগঞ্জ মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে দীর্ঘদিন পালিয়ে থাকা ওই আসামি সোহরাবকে গ্রেফতার করেন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!