গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বসছে কম্প্রেসার প্ল্যান্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কূপ থেকে উৎপাদিত গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে বসানো হচ্ছে কম্প্রেসার প্ল্যান্ট। এরই মধ্যে শেষ হয়েছে তিতাস গ্যাস ফিল্ডের তিন নম্বর লোকেশনে প্ল্যান্টের কাজ।
এখন চলছে পাইপ ফিটিং, ওয়েল্ডিং ও ফিটিংসের কাজ। ভবিষ্যতে উৎপাদন কমলেও প্ল্যান্টের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ষাটের দশকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কূপ থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়। সেই থেকেই বিরামহীন উত্তোলন চলছে। তবে উদ্বেগের বিষয়, দেশের গ্যাস ক্ষেত্রগুলোর গ্যাসের মজুত ফুরিয়ে আসছে। দিনদিন কমছে এসব কূপের উৎপাদন। বাংলাদেশ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের আওতাধীন গ্যাস কূপের সংখ্যা ৫২টি, যা থেকে ৯টির উৎপাদন বন্ধ রয়েছে।
.png)
গ্যাস স্বল্পতার বিষয়টি মাথায় নিয়ে ভবিষ্যতে উৎপাদিত গ্যাসের স্বাভাবিক চাপ ধরে রাখতে বসানো হচ্ছে কম্প্রেসার প্ল্যান্ট। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে বসানো হবে আরো ১৬টি কম্প্রেসার প্ল্যান্ট। যার মধ্যে লোকেশন এ-তে ৭টি, লোকেশন সি-তে ৩টি ও লোকেশন ই আর ডি-তে বসানো হবে ৬টি।
ঠিকাদারি প্রতিষ্ঠান-জিকমের ম্যানেজার জায়েদুনন্নবী সায়মন বলেন, ভবিষ্যতে গ্যাসের উৎপাদন কমলেও প্ল্যান্টের মাধ্যমে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা যাবে।