নড়াইলে সাবেক মেম্বারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
নড়াইলে তুচ্ছ ঘটনায় সানোয়ার হোসেন মোল্লা নামে সাবেক এক মেম্বারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
নিহত সানোয়ার হোসেন মোল্লা নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত মেম্বার ছিলেন। তিনি ভুমুরদিয়া গ্রামের গণি মোল্লার ছেলে।
নিহতের ছেলে মাহবুর মোল্লা বলেন, রোববার সকালে আমার ছোট ভাই রফিকুল ইসলাম মোটরসাইকেলে নড়াইল শহরে যাচ্ছিলেন। ভাদুরিয়া এলাকায় ফারুক নামে এক ট্রাকচালক তাকে ধাক্কা দেয়। এ নিয়ে দত্তপাড়ার বাসিন্দা ফারুকের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই সময় ফারুক তাকে জীবননাশের হুমকি দেয়। একইদিন বিকেলে আমার বাবা সানোয়ার হোসেন মোটরসাইকেলে নড়াইল থেকে বাড়ি ফিরছিলেন। দত্তপাড়ায় ফারুক ও তার সহযোগী আজিজুর, এনামুল, ফরিদ, ইমরুল আমার বাবার পথ আটকায়। এরপর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে আমরা বাবাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করি। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই তাকে যশোর পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। আজ ভোর ৪টার দিকে আমার বাবা মারা যান।
.png)
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, পঙ্গু হাসপাতাল থেকে একজনের মরদেহ হাসপাতালে এসেছে। মরদেহের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, মারধরের ঘটনায় সাবেক মেম্বার সানোয়ার হোসেন মোল্লা যশোরে মারা গেছেন। তার স্বজনরা অভিযোগ করলে মামলা নেয়া হবে।