ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার ঘণ্টার ব্যবধানে চুরি যাওয়া সেই শিশু উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৬ মার্চ ২০২১
চার ঘণ্টার ব্যবধানে চুরি যাওয়া সেই শিশু উদ্ধার
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সিরাজগঞ্জের এসপি মো. হাসিবুল আলম

সিরাজগঞ্জের কামারখন্দ থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে ৪ ঘণ্টার ব্যবধানে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের এসপি মো. হাসিবুল আলম।

শনিবার সন্ধ্যায় সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে শিশু চুরির ঘটনায় আটক রাণীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তার ১৪ বছরের বৈবাহিক জীবনে সন্তান না থাকায় তিনি শিশুটি চুরি করেন। ৭ মাস পূর্বে তাদের একটি সন্তান ভূমিষ্ট হলেও কিছুক্ষণ পরেই মারা যায়। তবে এটা সত্য, নাকি অন্যকিছু সেটা তাকে বিষদ জিজ্ঞাসাবাদের পরেই নিশ্চিত হওয়া যাবে। শুধু তাই নয়, এর সঙ্গে অন্যকেও বা কোনো চক্র জড়িত আছে কীনা সেটাও খতিয়ে দেখা হবে।

শনিবার সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এএসপি (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার, এএসপি (উল্লাপাড়া সার্কেল) মো. মাহফুজুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Advertisement

ঘটনার বিবরণে এসপি জানান, শনিবার দুপুর ১২টার দিকে জেলার কামারখন্দের বারাকান্দি গ্রামের শহিদুল-ফরিদা দম্পতির ২৩ দিন বয়সী শিশু আলিফ নিজ বাড়ি থেকে চুরি হয়। পরবর্তীতে পুলিশ জানা মাত্রই অভিযান শুরু করে। এলাকাবাসীর মাধ্যমে ২ জন নারীর চলাফেরা সন্দেহজনক ছিল জানতে পারলে তাদের পরিচয় জানার চেষ্টা করা হয়।

পরবর্তীতে অভিযানের অংশ হিসেবে আভিসিনা হাসপাতাল সংলগ্ন এক দোকানদার পুলিশকে জানান, একজন নারী একটি শিশুসহ এসে তার বাবাকে তার মোবাইল ফোন থেকে কল করেন। অতঃপর পুলিশ সেই নম্বরে ফোন করলে রাণীর বাবা নিশ্চিত করেন সেটা তার মেয়ে। তখন তিনি মেয়ে রাণীসহ শহরের বড়গোলা আভিসিনা হাসপাতাল এলাকায় থাকলে সেখান থেকে বিকেল ৪টার দিকে চুরি যাওয়া নবজাতক আলিফসহ রাণীকে হাতে নাতে আটক করে পুলিশ। 

এসময় তিনি আরো জানান, যেহেতু কামারখন্দের সার্কেলের এএসপি নেই তাই উল্লাপাড়া সার্কেলের এএসপির সহযোগিতা নেয়ার পাশাপাশি সদর থানার জরুরি ছাড়া সব পুলিশ সদস্যকে শিশুটি উদ্ধারে কাজে লাগানো হয়। 

যেহেতু কয়েকদিনের ব্যবধানে সিরাজগঞ্জে ৩ শিশু চুরির ঘটনা ঘটল তাই আগামী ৮ মার্চ থেকে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতনের পাশাপাশি শাস্তির মাত্রা বিশ্লেষণে অপরাধীদের এমন কাজ থেকে নিরুৎসাহিত করা হবে।

শনিবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি এলাকা থেকে ২৩ দিনের শিশু আলিফ চুরি হয়। শিশুটি শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির সন্তান।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!