মানিকগঞ্জ থেকে আশুলিয়ার অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার এক
অপহরণের দুইদিন পর মানিকগঞ্জের যমুনা তীরবর্তী দূর্গম চর এলাকা থেকে আশুলিয়ায় ৪ বছরের শিশু আসনান আদিপকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এসময় এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপহরণকারী মানিকগঞ্জের বাসিন্দা রাকিব হোসেন সরদার।
অতিরিক্ত ডিআইজি মো. মোজ্জামেল হক জানান, অপহরণকারী রাকিব সরদার আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় আয়রনম্যান হিসেবে চাকরির সুবাদে ৫ মাস আদিপের টিনশেড বাসায় ভাড়া ছিল। এক মাস আগে সেখান থেকে চলে যায়। সে সময় থেকেই মূলত শিশুটিকে অপহরণের পরিকল্পনা করতে থাকে।
.png)
সে অনুযায়ী গত রোববার রাকিব সরদার বিকালে ভিকটিম শিশুটিকে ঝাল মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আশুলিয়ার শিশুটির নিজ বাড়ির সামনে থেকে রিকশা করে জিরাবো এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে বাসে নবীনগর হয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন উথুলি এবং অটোরিকশায় করে জাফরগঞ্জ বাজারে নিয়ে যায়। সেখান থেকে ট্রলারে করে যমুনা নদী পার হয়ে দৌলতপুর থানার দূর্গম চর বাঘুটিয়া গ্রামে নিজের বাড়িতে আটক রেখে শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
পরে মানিকগঞ্জের দৌলতপুর থানার বাঘুটিয়া দূর্গম চর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে অপহৃত শিশু আদিপকে উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আশুলিয়া থানা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।