ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিআইডি কর্মকর্তা পরিচয়ে লাখ টাকা চাঁদা দাবি, প্রতারক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ৯ মে ২০২১
সিআইডি কর্মকর্তা পরিচয়ে লাখ টাকা চাঁদা দাবি, প্রতারক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি- এমন অভিযোগ এনে বের করে দেন সব ক্রেতাদের। নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে জরিমানা হিসেবে দোকান মালিকের কাছে দাবি করেন এক লাখ টাকা। পরদিন সেই টাকা নিতে গেলে ভুক্তভোগীর বুদ্ধিমত্তায় পুলিশের হাতে ধরা পড়লেন কথিত সেই সিআইডি কর্মকর্তা।

শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার স্টিলমিল বাজারের আলী প্লাজা শপিংমল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার জয় বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব পাড়ার লিটন বড়ুয়ার ছেলে। বর্তমানে স্টিলমিল বাজারের হাউজিং কলোনি রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় স্টিলমিল বাজারের একটি জুতার শো-রুমে ঢুকে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ক্রেতাদের বের করে দেন জয় বড়ুয়া। এ সময় দূর থেকে একটি আইডি কার্ড দেখিয়ে নিজেকে সিআইডি কর্মকর্তা বলে দাবি করেন তিনি। পরে সরকার ঘোষিত সময়ে দোকান বন্ধ না করা ও দোকানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না- এমন অভিযোগ তুলে দোকান মালিকের কাছ থেকে দাবি করেন পাঁচ লাখ টাকা। 

সেই টাকা একদিনের মধ্যে পরিশোধ করতে হবে জানিয়ে বেঁধে দেন সময়। এর মধ্যে মুঠোফোনে দোকান মালিকের সঙ্গে আলাপে তা নেমে আসে এক লাখে। পরদিন সেই টাকা নিতে গেলে দশ হাজারে রফাদফার প্রস্তাব দেন দোকান মালিক। এ সময় মার্কেট মালিক সমিতির সহযোগিতায় জয় বড়ুয়াকে গ্রেফতার করা হয়।

পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, মার্কেট মালিক সমিতির দেয়া খবরে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আইডি কার্ড, প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও হাতিয়ে নেয়া ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!