ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিবচরে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০, ১৬ মে ২০২১
শিবচরে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
আহত বৃদ্ধকে হাসপাতালে নেয়ার সময় -ছবি: ভিডিও থেকে নেয়া

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৫ জন।

শনিবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিক মাদবরের সঙ্গে একই এলাকার সাবেক চেয়ারম্যান মনোয়ার ব্যাপারীর বিরোধ চলছিল। এরই জেরে রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শুরু হয় গোলাগুলি। এতে সাতজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমদাদুল হক রাসেল বলেন, গুলিবিদ্ধ বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসা চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার) মো. আব্দুল হান্নান জানান, পরিস্থিতি মোকাবিলায় রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!