ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে মুহুর্তেই কাগজ-স্কচটেপ দিয়ে অদ্ভুত ম
দেশজুড়ে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। লকডাউন যথাযথ কার্যকর করতে এরই মধ্যে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। চলমান এই কঠোর বিধিনিষেধের মধ্যে গাড়ি মেরামতের জন্য রাস্তায় বের হন মো. রাজীব (২৬) নামের এক পিকআপ চালক। এসময় তার মুখে ছিল না মাস্ক। হঠাৎ সেখানে এসে পড়ে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি। শাস্তি থেকে বাঁচতে কাগজ ও স্কচটেপ দিয়ে মুহুর্তেই অদ্ভুত মাস্ক তৈরি করে মুখে লাগিয়ে নেন তিনি। তবে এতেও তার শেষ রক্ষা হয়নি। জরিমানা গুনতে হয় তাকে।
শুক্রবার বিকেল ৫টার দিকে বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চকবাজার, বাজাররোড, হাসপাতাল রোড, নতুনবাজার, নথুল্লাবাদসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। বিকেল ৫টার দিকে নতুনবাজার এলাকায় অভিযানের সময় একটি পিকআপকে থামার সংকেত দেয়া হয়। এর আগেই দূর থেকে ভ্রাম্যমাণ আদালতের দল দেখে পিকআপে থাকা কাগজ ও স্কচটেপ দিয়ে অদ্ভুত মাস্ক তৈরি করে মুখে লাগিয়ে নেন চালক রাজীব।
.png)
পিকআপ থামালে বিধিনিষেধের মধ্যেও তার ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। চালক মো. রাজীব দাবি করেন, তিনি পিকআপটি মেরামতের জন্য বের হয়েছেন। মাস্ক না ব্যবহার করে মুখে স্কচটেপ দিয়ে কাগজ লাগানোর কারণ জানতে চাওয়া হলে চালক মো. রাজীব জানান, মাস্ক ভুলে বাসায় ফেলে এসেছেন।
এ সময় মাস্ক না থাকায় তাকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এরপর তাকে মাস্ক পরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।