মাঝ নদীতে পিকনিকের ট্রলার বিকল, অল্পের জন্য রক্ষা পেল ৩৫ জীবন
পদ্মার প্রবল স্রোতে মাঝ নদীতে হঠাৎ পিকনিকের একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ট্রলারে থাকা ৩৫ যাত্রী আটকা পড়েন। তবে ঈশ্বরদী থানা ও নৌপুলিশ সদস্যদের সহায়তায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা।
শনিবার রাত ১০টার দিকে পিকনিক শেষে ট্রলারে উপজেলার সাঁড়া ইউনিয়ন এলাকা থেকে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হার্ডিঞ্জ ব্রিজের কিছুটা উজানে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় মাঝিরা ট্রলারটি মাঝ নদীতেই নোঙর ফেলে আটকানোর চেষ্টা করেন। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় তা অসম্ভব হয়ে পড়ে। ফলে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। ট্রলার থেকে মোবাইলে বিভিন্ন পরিচিতজনের মোবাইলে জানানোর পর পুলিশ খবর পায়।
.png)
রোববার সকালে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, আমরা রাত ১১টার দিকে খবর পেয়ে নদীর তীরে যাই। এরপর যাত্রীদের উদ্ধার করি। নৌপুলিশসহ আমরা ২১ জন ছিলাম। স্থানীয় জেলেসহ স্বল্পসময়ে ট্রলারটি দড়ি বেঁধে টেনে তীরে আনতে সক্ষম হই।
অদূরেই হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতু থাকায় যেকোনো সময় স্রোতের টানে ট্রলারটি প্রচণ্ড বেগে ধাক্কা লেগে ভেঙে যাওয়াসহ হতাহতের ঘটনা ঘটতে পারত। এ পরিস্থিতি খবর পেয়ে দ্রুত ঈশ্বরদী থানা পুলিশ ও নৌপুলিশের সাহসী একদল সদস্য স্থানীয় জেলেদের সহযোগিতায় পিকনিক টিমের সব সদস্যকে নিরাপদে ডাঙ্গায় নিয়ে আসতে সক্ষম হন।