মাদারীপুরের একই ইউনিয়নে দুই মাসে ৫ বার বোমা হামলা
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নে গত তিন মাসে পাঁচবার বোমা বিস্ফোরণ ঘটেছে। এখনো এর রহস্য উদঘাটন করা যায়নি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে।
সবশেষ সোমবার গভীর রাতে সিডিখান ইউনিয়নের মেম্বার মান্নান মোল্লার ঘরে বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে বাড়িঘর বিধ্বস্ত ও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিপুল পরিমাণ হাত বোমা উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিডিখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার ও চেয়ারম্যন পদপ্রার্থী মিলন পেদার মধ্যে বিবাদ চলছিল। এরই জেরে বারবার বোমা হামলার ঘটনা ঘটছে। গত নির্বাচনের সময় এ ইউনিয়নে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছিল। এবারের নির্বাচনে চাঁনমিয়া শিকদার, মিলন পেদাসহ তিনজন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে দুজনই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
.png)

কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল বলেন, বোমা বিস্ফোরণে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মন্নান মোল্লার ঘরের টিনের চাল ও বেরা উড়ে গেছে। এছাড়া ইয়ামিন ব্যাপারী ও সুমন সিকদার নামে দুইজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, এর আগে সিডিখান এলাকার সুজন পেদার ঘরে, মিলন মিয়ার পুকুর পাড়ে এবং জাহাঙ্গীর সরদারের রান্নাঘরের পাশে বোমা বিস্ফোরণ ঘটে। এ নিয়ে গত দুই মাসে পাঁচবার ঐ এলাকায় বোমা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মাদারীপুরের পুলিশ সুপার গোলম মোস্তফা রাসেল বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই বারবার এমন ঘটনা ঘটছে। তবে আমরা প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর কালকিনি উপজেলার সিডিখানসহ মাদারীপুরের ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।