ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২২
জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ
জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন। 

এদিকে দোকানের মালিকদের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে লিখিত কোনো নোটিশ না দিয়েই তাদের দোকানপাট ভেঙে দিয়েছে। দোকানপাট ভেঙে দেওয়ায় তাদের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

স্টেশনের মুদি দোকানি সামিউল ইসলাম বলেন, আমাদের লিখিত নোটিশ ছাড়াই সকালে দোকান ভেঙে ফেলে। দোকানে থাকা ফ্রিজ, সাউন্ড বক্স, দোকানে থাকা পণ্য ও নগদ টাকাসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি আমাদের লিখিত নোটিশ দিতেন তাহলে আমাদের মতো দোকানদার এই ক্ষতি হতো না।

সামিউল ইসলাম আরো বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।  এই দোকান চালিয়েই আমাদের সংসার চলে। এখন এই দোকান ভেঙে দেওয়ায় আমরা পরিবার নিয়ে অনেক চিন্তায় রয়েছি।’

 দুই পা হারানো (প্রতিবন্ধী) হাসান বলেন, ‘এই দোকান চালিয়েই সংসার চলতো। নোটিশ দিলে দোকানের মাল সরিয়ে ফেলতাম এখন দোকান ঘরসহ ভেঙে ফেলায় পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় পরলাম।’  

নাম প্রকাশ না করার শর্তে চায়ের স্টলের এক মালিক জানান, ‘বুধবার বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে বলে গেছেন আমাদের দোকান পাট সরিয়ে ফেলতে এজন্য রাতেই দোকান সরিয়ে ফেলেছি।’  

উচ্ছেদ অভিযান পরিচালক পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর লক্ষ্যে জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর ও রেললাইনের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

এ উচ্ছেদ অভিযানের সময় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!