মিরসরাইয়ে বিদেশি মদসহ আটক ১, মদ তৈরির সরঞ্জাম উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত সজল কুমার ঐ উপজেলার জোরারগঞ্জ থানাধীন হাজীশ্বরাই এলাকার কুমোদ বৌদ্ধর ছেলে। সোমবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, জোরারগঞ্জ থানার হাজীশ্বরাই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মদ বেচাকেনার উদ্দেশ্যে অবস্থায় করছে- এমন খবরের ভিত্তিতে সোমবার রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে সজল কুমারকে আটক করা হয়। এ সময় ১৯৩ বোতল বিদেশি মদ, ৭০ লিটার চোলাই মদ ও ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ-সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে সজল কুমার স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ ও চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করতেন।
জোরারগঞ্জ থানার এএসআই আবু সাঈদ জানান, বিদেশি মদসহ একজন আটকের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।