বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, গোসাইরহাট পৌরসভার দাসের জঙ্গল বাজারে কাজী আমির ফয়সালের (মহিউদ্দীন টেলিকম) মোবাইল ফোন বিক্রির দোকান আছে। বুধবার সকালে চোরের একটি দল দোকানের উত্তর দিকের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ব্যাগে ভরে ৪০টি মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
.png)
আরো পড়ুন: তুচ্ছ ঘটনায় শ্যালককে পিটিয়ে মারলেন দুলাভাই
ওই দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, সকাল ৭টা ৩০ মিনিটে চারজন যুবক দোকানের সামনে আসে। পরে দোকানের উত্তর প্রান্তের গলিতে ঢোকে চার যুবক। ওই চারজনের একজন শাটারের তালা কাটে। সাটার খুলে দুজন ভেতরে প্রবেশ করে। ব্যাগের মধ্যে দোকানে থাকা মোবাইল ফোনগুলো তুলে নেয়। দুজন বাইরে পায়চারি করতে থাকে। তারা দোকান থেকে বেরিয়ে বাজারের উত্তর প্রান্তের সড়ক ধরে হেঁটে চলে যায়।
মোবাইল ফোন ব্যবসায়ী কাজী আমির ফয়সাল বলেন, সকাল ৯টার দিকে কর্মচারী দোকান খুলতে গেলে চুরির ঘটনা নজরে আসে। দিনের আলোতে এতো বড় চুরির ঘটনা কীভাবে ঘটলো, আমি ভাবতেও পারছি না।
এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি মাহবুব আলম সুমন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজে চুরির সত্যতার প্রমাণ মিলেছে। তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে। চোরদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করা হবে।