শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, রাত ৯টায় উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ভেতরে থাকা পোশাক তৈরির কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে গেছে।
জানা গেছে, খাতুন এলাকার সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
আরো পড়ুনঃ রাজধানীর দক্ষিণখানে বস্তির আগুন নিয়ন্ত্রণে
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সায়েদ জানান, সময় মতো স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে না পারলে আশপাশে ছড়িয়ে আরো বড় ধরনের ঘটনা ঘটতো।
এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি এরপর আরও তিনটি ইউনিট যোগ হয়ে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।