৩২০০ লিটার তেলসহ পাঁচ চোরাকারবারি গ্রেফতার
পটুয়াখালীর মহিপুরে ৩ হাজার ২০০ লিটার জ্বালানি তেলসহ (ডিজেল) পাঁচ চোরাকারবারিকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বৃহস্পতিবার সকালে রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। এ সময় দুটি ট্রলার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আহমেদ মিম, খলিল হাওলাদার, তাইজুল, রাজীব হাওলাদার ও আক্কাস আলী। তাদের মধ্যে তিনজনের বাড়ি গলাচিপা ও দুইজনের বাড়ি কলাপাড়া উপজেলায়।
কুয়াকাটা নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ট্রলারসহ আহমেদ মিম, খলিল হাওলাদার ও তাইজুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১টার দিকে মূল হোতা আক্কাস আলী ও রাজীব হাওলাদারকে মহিপুর থেকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে চক্রটি পায়রা বন্দরে আগত বিদেশি জাহাজ থেকে জ্বালানি তেল চুরি করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এসব জ্বালানি তেল তারা গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের মাঝে বিক্রি করতো।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ জানান, বেশ কয়েকবার অভিযান চালিয়ে জ্বালানি তেল চোরাকারবারিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।