ট্রেনের ধাক্কায় তিন স্কুলছাত্রী নিহত, এবার রেলের তদন্ত কমিটি
ট্রেনের ধাক্কায় তিন স্কুলছাত্রী নিহতের ঘটনায় বুধবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কুমিল্লা জেলা প্রশাসন। এবার চার সদস্যের তদন্ত কমিটি করল রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী। তিনি জানান, চার সদস্যের এ তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলী, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী ও চিকিৎসা কর্মকর্তা ডা. শিবু নাথ।
.png)
অপরদিকে জেলা প্রশাসক কুমিল্লার তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে। এ কমিটিতে রয়েছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান।
বুধবার দুপুর সাড়ে ১১টায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিং দিয়ে তিন বান্ধবী একসঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় বিজয় এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মীম ও রিমার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে কিছু দূরে ছিটকে পড়ে তাসফিয়াও মারা যায়।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, আমরা রেলওয়ের পক্ষ থেকে ঘটনাস্থল ও নিহতদের স্কুলে গিয়েছিলাম। স্কুলের শিক্ষক ও কমিটির সভাপতিদের বলে এসেছি, স্কুলের সামনে যেন কাঁটাতারের বেড়া অথবা দেয়াল নির্মাণ করা হয়। এতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে।