ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়ল বরকত-রুবেলের সাউথ লাইন পরিবহনের ১২ বাস

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৪, ১২ মার্চ ২০২২
আগুনে পুড়ল বরকত-রুবেলের সাউথ লাইন পরিবহনের ১২ বাস
বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস আগুনে পুড়ে গেছে।  ছবি: সংগৃহীত

দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস আগুনে পুড়ে গেছে। 

শনিবার রাত ১টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনী ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এরমধ্যেই বাসগুলো আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাউ দাউ করে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রেখে দেয়া গাড়িগুলোতে একই সময়ে আগুন লাগে বলে তারা জানায়। আগুনে এতগুলো বাস পুড়ে যাওয়ার কারণ এখন পর্যন্ত জানতে পারেনি ফায়ার সার্ভিস।

Advertisement

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, রাত ১টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে। সেখানে ২২টি বাস রাখা ছিল। এরমধ্যে ১২টি বাসেই আগুন লাগে। রাত আড়াইটা নাগাদ আগুন নিভিয়ে ফেলতে আমরা সক্ষম হই।

ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস উদ্ধার করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিল।
 
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে দেখে সবকটি বাসেই আগুন জ্বলছে। এরমধ্যে কয়েকটি বাস আংশিক পুড়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি। এছাড়া কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছে কিনা তাও বলতে পারছি না এই মুহূর্তে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!