কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবদল নেতাসহ আটক ৫
কুমিল্লার চকবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাকসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ও কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার বিকেলে কুমিল্লা র্যাব-১১ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
.png)
আটককৃত বাকি চারজন হলেন- নগরীর গর্জনখোলা এলাকার মনির হোসেনের ছেলে মো. হৃদয়, উত্তরচর্থা তেলাপুকুরপাড় এলাকার বাবলু মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন মিঠু, সংরাইশ এলাকার ওহাব মিয়ার ছেলে মো. সজিব মিয়া ও চকবাজার বালুধুম এলাকার আবুল কাশেমের ছেলে মো. নাজমুল হাসান দীপু।
এর আগে ১৩ মার্চ রাতে অভিযান চালিয়ে পিস্তলসহ সহিদুর রহমান সজিব নামে এক যুবককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
র্যাব জানায়, ১৩ মার্চ দুপুরে নগরীর চকবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাককে আটক করা হয়। একই রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে বাকি চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।