ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণের কারিগর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৯ মার্চ ২০২২
স্বর্ণের কারিগর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্বর্ণের কারিগর ইমরান শেখ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও দুজনকে আমৃত্যু ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুরে দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কুমারখালী উপজেলার দড়ি কোমর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শহিদুর রহমান ওরফে পিরু মিঠুন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এস্টেট এলাকার ফজলুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ ও কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কুমারখালী উপজেলার সনদাহ গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে নাহিদ হাসান, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে মুন্সি অনিক হাসান ওরফে ইমরান ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার তুলশীতলা গ্রামের আফাজুদ্দীনের ছেলে ওয়াদুদ ওরফে রাজু। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চ সকালে কুমারখালীতে ইমরান হোসেনের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমরান হোসেন দৌড়গরিয়া গ্রামের বাদশা শেখের ছেলে। সেদিন ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২০ মার্চ নিহতের বাবা বাদশা শেখ আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন।

এদিকে মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০২০ সালের ২৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার (২৯ মার্চ) রায় ঘোষণার দিন ধার্য করেন। রায় ঘোষণার পর পরই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী বলেন, আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় একজনকে মৃত্যুদণ্ড, দুজনকে আমৃত্যু ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!