ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হিজাব পরতে আর বাধা নেই যে স্কুলে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ৩১ মার্চ ২০২২
হিজাব পরতে আর বাধা নেই যে স্কুলে
জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

হিজাব পরে আসায় শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ ওঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি ঊর্ধ্বতন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত গড়ালে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ অবস্থায় এবার ঘোষণা দিয়েই হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন প্রধান শিক্ষক। ঘটনাটি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের।

জানা যায়, মঙ্গলবার সকালে অ্যাসেম্বলির পর তিন শিক্ষার্থীর হিজাব খুলতে বাধ্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। এর মধ্যে একজনকে বেত্রাঘাতেরও অভিযোগ ওঠে। পরে লামিয়া বিনতিহা নামে এক শিক্ষার্থী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। এর মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।

পরে বুধবার সকাল ১১টায় মিরসরাই উপজেলা প্রশাসন, শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হিজাব সংক্রান্ত বাধা-নিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। এর আগে তাদের ড্রেসকোডে হিজাব যুক্ত করে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

এদিন অ্যাসেম্বলি শেষে প্রথমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামিউল হিকমা, জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিজাব যুক্ত করে নতুন ড্রেসকোড ঘোষণা করেন। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ওসি সাহেবসহ সবার সম্মিলিত বৈঠকে হিজাব-স্কার্ফ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেটি আমরা স্কুলের প্রাত্যহিক সমাবেশেও ঘোষণা দিয়েছি। আবার নোটিশ আকারেও প্রচার করেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!