কচুরিপানা সরাতেই মিলল কঙ্কাল, হাতের চুড়ি দেখে মাকে চিনলেন ছেলে
প্রায় ছয় মাস আগে নিখোঁজ হন ৯৩ বছর বয়সী শেরজান বিবি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। মাকে না পেয়ে থানায় জিডিও করেন ছেলেরা। অবশেষে ছয় মাস পর খোঁজ মিলেছে এ বৃদ্ধার। তবে জীবিত নয়, মিলেছে তার কঙ্কাল। পরিচয় শনাক্তে তেমন কোনো চিহ্ন না থাকলেও হাড়গোড়ের ভেতরে থাকা হাতের চুড়ি আর গলার মালা দেখে মাকে চিনতে পারেন ছেলে।
ঘটনাটি রাজশাহীর পুঠিয়ার। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের একটি ডোবা থেকে শেরজান বিবির কঙ্কাল উদ্ধার করে পুলিশ। নিহত একই গ্রামের নূর আলী মণ্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ভাড়ড়া গ্রামের কয়েকজন মিলে একটি ডোবায় পানি সেচে মাছ ধরছিলেন। এ সময় খালের কচুরিপানা সরাতেই মানুষের কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালে কোনো মাংস ছিল না বলে তাকে চেনারও উপায় ছিল না। তবে কঙ্কালের ভেতর থেকে চুড়ি আর মালা উদ্ধার করা হয়। খবরটি ছড়িয়ে পড়লে শেরজান বিবির ছেলে লুৎফর হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে চুড়ি আর মালা দেখে পরিচয় শনাক্ত করেন।
.png)
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই নারী মাঝেমধ্যেই বাড়ির বাইরে হাঁটতে যেতেন। প্রায় ছয় মাস আগে একবার তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে একটি ডোবা থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করেন ছেলে লুৎফর হোসেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কঙ্কালটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।