নতুন নোটের লোভে যুবককে গলাকেটে হত্যা
এক হাজার টাকার নতুন দশটি নোটের লোভে ফরিদ উদ্দিন ভুইয়া নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদ। এর আগে গত ১৫ এপ্রিল রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউপির ভূঁইয়া বাড়িতে নিজ বসত ঘর থেকে ফরিদ উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসপি উল্লেখ করেন, ফরিদ উদ্দিন ভূইয়া হত্যার ঘটনায় তার বোন জামাই দুলাল চৌধুরী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
.png)
আটক আসামিরা ঘটনা স্বীকার করে জানান, ফরিদ উদ্দিন ভূঁইয়া ও আসামি সালাউদ্দিন ভূঁইয়া একই সঙ্গে চলাফেরা করতেন। সালাউদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ফরিদ উদ্দিনের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন।
ঘটনার আগের রাতে ফরিদ উদ্দিন ও সালাউদ্দিন বাড়ির পাশের দোকানে আইপিএল খেলা দেখছিল। এ সময় সালাউদ্দিন ফরিদ উদ্দিনের মানিব্যাগে ১ হাজার টাকার ১০টি নতুন নোট দেখতে পায়। নতুন টাকা এবং পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী আব্দুর রহমানকে নিয়ে ফরিদকে হত্যার পরিকল্পনা করে সালাউদ্দিন।
ঘটনার রাতে তারা ফরিদের ঘরে ঢুকে দরজায় নক করে ধারালো দা নিয়ে উৎ পেতে থাকে। দরজা খুলতেই তারা ফরিদের ঘাড়ে ধারালো দা দিয়ে কোপ দেয়। ফরিদ মাটিতে লুটিয়ে পড়লে তার লাশ শয়ন কক্ষের তোসকের ভেতরে পেঁচিয়ে রাখে। এরপর আসামিরা ফরিদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ১০ হাজার টাকার নতুন নোট নিয়ে চলে যায়। বাইরে এসে সালাউদ্দিন তার সহযোগী আব্দুর রহমানকে ৫ হাজার টাকা দিয়ে ঢাকায় চলে যেতে বলেন।
মামলা করার পর প্রথমে ঘটনার সঙ্গে জড়িত আসামি আব্দুর রহমানকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং মূল আসামি সালাউদ্দিনের নাম ঠিকানা বলে দেন। তার দেয়া সাক্ষ্য অনুযায়ী মূল আসামি মো. সালাউদ্দিনকে ফরিদগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।