ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ট্যাগের ওপর ট্যাগ’ বসিয়ে গ্রাহক ঠকাচ্ছিল সেলিম পাঞ্জাবি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ১৯ এপ্রিল ২০২২
‘ট্যাগের ওপর ট্যাগ’ বসিয়ে গ্রাহক ঠকাচ্ছিল সেলিম পাঞ্জাবি
অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান

পণ্যের পুরোনো ট্যাগের ওপর নতুন ট্যাগ বসিয়ে বাড়তি দামে পাঞ্জাবি বিক্রি করছিল চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের পাশে কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবি। অভিযান চালিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই অপরাধে রাজস্থান পাঞ্জাবিকে এক লাখ, ভাসাবি শপিং মলকে ৩০ হাজার ও আফমি প্লাজার এপেক্স সু’র একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকালে এ অভিযান চালান অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান।

তিনি বলেন, ঈদের সময় ঘনিয়ে আসায় মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ ব্যস্ততাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহক ঠকানোর কাজে লেগে পড়েছেন। মঙ্গলবার মিমি সুপার মার্কেট ও আফমি প্লাজায় অভিযান চালানো হয়। এ সময় পুরোনো ট্যাগের ওপর নতুন ট্যাগ বসিয়ে বাড়তি দামে পণ্য বিক্রির প্রমাণ পাই। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে কেনা পণ্যের ভাউচার দেখতে চাইলে তারা সেটিও দেখাতে ব্যর্থ হন। তাই সেলিম পাঞ্জাবিকে এক লাখ, রাজস্থান পাঞ্জাবিকে এক লাখ, ভাসাবি শপিং মলকে ৩০ হাজার ও আফমি প্লাজার এপেক্স সু’র একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, জরিমানার পাশাপাশি এসব ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া গ্রাহকদের কেউ প্রতারণার স্বীকার হলে আমাদের জানাতে অনুরোধ জানানো যাচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।

অন্যদিকে, একইদিন সকালে মিমি সুপার মার্কেটে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের কথা বারবার বলে আসছি। এরপরও বিভিন্ন দোকানে অভিযানে গেলে সেটি আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি দোকানগুলোতে অননুমোদিত বিদেশি প্রসাধনী পণ্যও পেয়েছি। তাই মিমি সুপার মার্কেটের চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। একই সঙ্গে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!