ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০০ টাকার জেরে সংঘর্ষ, হাসপাতালে ২০ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩০, ২০ এপ্রিল ২০২২
৫০০ টাকার জেরে সংঘর্ষ, হাসপাতালে ২০ জন
ফাইল ফটো

মাত্র ৫০০ টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে নড়াইলের কালিয়ায় আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন। বুধবার দুপুরে উপজেলার পাটেশ্বরী বাজারে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন- মর্তুজা, পলাশ মোল্যা, মিরাজ শেখ, আলামিন, শিমুল মোল্যা, ইয়াজুল মোল্যা, মুক্তার মোল্যাসহ অন্তত ২০ জন। এদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইয়াজুল মোল্যাসহ ৫ জনের অবস্থা গুরুতর।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মহিষখোলা গ্রামের মিকাইল মোল্যার ছেলে মিরাজ মোল্যার নিকট প্রতিবেশী পাটেশ্বারী গ্রামের মিজানুর শেখের ছেলে শারাফত শেখের ৫০০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ঐ পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

আর ঐ ঘটনার পর থেকে দুই দলের মাঝে শুরু হয় রণপ্রস্তুতি। এরই প্রেক্ষিতে বুধবার দুপুর ৩ টার দিকে বিবদমান মহিষখোলা গ্রামের বাদশা মোল্যা গ্রুপ এবং পাটেশ্বরী গ্রামের সেলিম শেখ গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময়  উভয় পক্ষের প্রায় ২০ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই দলের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।

জানা গেছে, গত ইউপি নির্বাচনের পর থেকে দুটি পক্ষের বিরোধ চলছিল। গত বছর ২০ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলায় সেই বিরোধের বলি হন মহিষখোলা গ্রামের বাসিন্দা মো. আল আমিন শেখ নামে এক মসজিদের ইমাম। সেই থেকে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!