৩ ঘণ্টা পর ভোলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক
ভোলার লালমোহনে সিএনজি চালকদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় জেলার অভ্যন্তরীণ ৮ রুটে বাস ধর্মঘট ৩ ঘণ্টা পরে স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দারের সঙ্গে বাস মালিক সমিতির বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিক ইউনিয়ন।
এ সময় বাস মালিক সমিতি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণের দাবি জানায়।
ভোলা বাস চালক-শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ভোলা থেকে চরফ্যাশনে যাওয়ার পথে সিএনজি চালকরা লালমোহন উপজেলা মোড়ে বাস মালিক সমিতির একটি বাস থামিয়ে চালককে মারধর করে। এ নিয়ে বাসচালক ও সিএনজি শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে । এতে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
এরই জেরে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে সকাল ৯টা থেকে ভোলা জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ কর দেওয়া হয়। রাস্তা অবরোধের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুরও করা হয়। বাস ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। পরে পুলিশের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর বাস শ্রমিকরা ধর্মঘট তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেলা ১২টা থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।