ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ সোমবার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১ মে ২০২২
চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ সোমবার
মীর্জাখীল দরবার শরীফ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হবে ঈদুল ফিতর। এদিন সকাল ১০টায় সাতকানিয়া উপজেলার মীর্জাখীল দরবার শরীফের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এতে ইমামতি করবেন দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে মাওলানা ড. মোহাম্মদ মছউদুর রহমান।

ড. মোহাম্মদ মছউদুর রহমান বলেন, চার মাযহাবের সমন্বিত ‘আল ফিকাহ আলা মাযাহিবিল আরবায়া’ গ্রন্থ অনুযায়ী পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে সব স্থানেই ঈদ উদযাপনের বিধি রয়েছে। সে হিসেবে মীর্জাখীল দরবার শরিফের অনুসারীরা ২শ’ বছর ধরে আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছে। এছাড়া চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবারের অনুসারীরাও একইভাবে ঈদ উদযাপন করে আসছে।

Advertisement

মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দরবার শরীফের মুরিদ বজলুল করিম চৌধুরী বলেন, আজকের মধ্যে ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা ঈদের নামাজ আদায়ের জন্য দরবার শরীফে আসবে। এছাড়া যেসব এলাকায় অধিক সংখ্যক মুরিদ রয়েছে, তারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবে।

তিনি আরো বলেন, আমাদের পুরো গ্রামের মানুষ আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করবে। মির্জাখীলসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রামে থাকা দরবার শরীফের মুরিদরাও একই সময়ে ঈদ উদযাপন করবে। মির্জাখীল দরবার শরীফের সব মুরিদ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে থেকে রোজা পালন শুরু করেছিল। সেই অনুযায়ী আজ আমাদের ৩০টি রোজা সম্পন্ন হয়েছে। দরবার শরীফের অনুসারীরা দুই শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছে।

চট্টগ্রামের যেসব গ্রামে সোমবার ঈদুল ফিতর উদযাপন হবে সেগুলো হলো- সাতকানিয়া উপজেলার মীর্জাখীল, চরতি, সুইপুর, গাটিয়াডাঙ্গা ও কেরাণীহাট, পটিয়া উপজেলার কালারপোল, হাইদগাঁও, মল্লপাড়া ও বাহুলী, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, গাছবাড়িয়া, হারালা, বাইনজুড়ী, কানাইমাদারি ও ঢেমশা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমছড়া, বারখাইন, সরকারহাট, গহিরা ও বারশত, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ, খরণদ্বীপ, পূর্ব গোমদণ্ডী ও পশ্চিম কধুরখীল, বাঁশখালী উপজেলার কালীপুর, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ি ও ডোমার এবং লোহাগাড়া উপজেলার ধর্মপুর ও কলাউজান।

এছাড়াও বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন। তারাও সোমবার ঈদ উদযাপন করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!