ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার ঘাটে বিকেল সাড়ে ৫টায় ভিড়ে ফারহান, কর্ণফুলী ও তাফসির নামের তিনটি লঞ্চ। ওইসব লঞ্চে দেখা গেছে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে ফের কর্মস্থলে যাত্রা শুরু করেছেন যাত্রীরা। তবে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে যেতে দেখা গেছে।
.png)
লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন। ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ঈদের দুই দিন আগে পরিবারের সঙ্গে ঈদ করতে এলেও আবার ফিরে যাচ্ছেন কর্মস্থলে।
সালাউদ্দিন জানান, তিনদিন পর গার্মেন্টস খুললেও যাত্রীদের চাপ বাড়বে; তাই আগে থেকেই নিরাপদে কর্মস্থলে যাচ্ছি।
শুধু সালাউদ্দিন নয়, তার মত অনেকেই ফিরছেন। ঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঢল নেমেছে।
আরেক যাত্রী নাহিদুল জাহিদ জানান, কর্মস্থলে আগে চলে যাচ্ছি। কাল থেকে চাপ বেড়ে যাবে। তাই আজকে যাচ্ছি। এসময় যাত্রীদের নিরাপত্তায় লঞ্চঘাটগুলোতে পুলিশ ও আনসার বাহিনী দেখা গেছে।