ধর্ষণের ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে স্বামী পরিত্যক্তাকে বারবার ধর্ষণ
গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে বারবার ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ফাঁস করার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাসুম বিল্লাহ নড়াইলের নড়াগাতি থানার কাঠাদুরা মহাজন এলাকার ইকরাম শেখের ছেলে। সোমবার ভোরে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মাসুম বিল্লাহ গাজীপুর মহানগরের বাদে কলমেশ্বর এলাকার আফছার উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ঢাকার মিরপুরে ইপিলিয়ন পোশাক কারখানায় চাকরি করেন। একই বাসায় ভাড়া থাকেন পরিত্যক্তা ওই নারী। এ সুবাদে ওই নারীর সঙ্গে মাসুমের সরাসরি এবং মোবাইল ফোনে বিভিন্ন সময় কথাবার্তা হতো।
.png)
একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে এবং মাসুম আগের স্ত্রী থাকার কথা গোপন রেখে ওই নারীকে বিয়ে ও চাকরি দেয়ার প্রলোভনে ঢাকার মিরপুরে নিয়ে যায়। সেখানে তারা লিভ-টুগেদার শুরু করেন। লিভ-টুগেদার করার সময় কৌশলে ওই নারীর অজ্ঞাতে তার বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে রাখেন মাসুম বিল্লাহ।
ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে অবৈধভাবে মেলামেশা করেন মাসুম। বিয়ের কথা বললে ওই নারীর বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন মাসুম। কিন্তু বিয়ে না করায় ওই নারী তাকে চাপ দেন। তখন মাসুম বলেন তার কাছে ওই নারী বিবস্ত্র ছবি ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও আছে। এসব ছবি ও ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে মাসুম ওই নারীর কাছে আরো টাকা দাবি করেন।
মাসুম ওই নারীকে আরো বলেন, তিনি তাকে বিয়ে করবেন না। ভিকটিমকে সারাজীবন অবৈধভাবে বসবাস করতে হবে। অন্যথায় তার কাছে থাকা বিবস্ত্র ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হবে।
গত ১৬ মার্চ ভিকটিম ঢাকার মিরপুর থেকে পালিয়ে বর্তমান ঠিকানার বাসায় চলে যান। কিন্তু মাসুম তার কাছে থাকা ভিডিও দেখিয়ে আবারো তার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতে থাকে। সর্বশেষ ১৪ মে রাতে ভিকটিমের বাদে কলমেশ্বরের বাসায় গিয়ে হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন মাসুম। ভিকটিম বাদী হয়ে গাছা থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার পর সোমবার ভোরে মাসুমকে গাজীপুরের ঠিকানা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।