ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে হোটেলে আরো এক পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৩, ১৯ মে ২০২২
কক্সবাজারে হোটেলে আরো এক পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু
ফাইল ছবি

কক্সবাজারের ইনানী সৈকতের তারকা মানের আবাসিক হোটেলে আরো একজন পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় স্বামী পরিচয় দেওয়া এক যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপ থেকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে এ তরুণীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

Advertisement

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোটেল রয়েল টিউলিপের একটি কক্ষে অবস্থান নেওয়া যুবকের সঙ্গে থাকা তরুণীটি বিকেলে অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ওই তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বামী পরিচয় দেওয়া নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রেমিক-প্রেমিকা বলে স্বীকারোক্তি দিয়েছেন।

তিনি আরো বলেন, ওই তরুণীর অভিভাবকদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে পৌঁছার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (১৮ মে) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর এক পর্যটক তরুণীর মৃত্যু হয়। গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে হোটেল বিচ হলিডে-তে উঠেন ওই তরুণী। গত ১৪ মে সকালে সেখানে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় তরুণীর সঙ্গে আসা চার বন্ধুর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)। লাবণী আকতার নামে ওই তরুণীও যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!