ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের মারধরে প্রাণ গেল বাবার, পুলিশের ওপর হামলা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ২২ মে ২০২২
ছেলের মারধরে প্রাণ গেল বাবার, পুলিশের ওপর হামলা
ফাইল ছবি

জামালপুরে ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সহযোগীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ।

শনিবার (২১ মে) বিকেলে জামালপুর শহরতলীর রশীদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ২ জনকে আটক করে পুলিশ।

নিহত আব্দুর রশীদ জামালপুর শহরতলীর রশীদপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি হলেন, নিহতের ছেলে রিপন।

Advertisement

পুলিশ জানায়, শনিবার (২১ মে) বিকেলে ছেলের মারধরে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আব্দুর রশীদের ছোট ছেলে রিপনকে আটক করে থানায় নিয়ে আসার সময় রিপনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ। পরে পুলিশ রিপন ও তার সহযোগী ফয়সালকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে শিপন বাদী হয়ে রিপনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশ বাদী হয়ে ফয়সালসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!