সমিতির অর্থ আত্মসাৎ, পাঁচজনের ৪৮ বছরের কারাদণ্ড
নোয়াখালীর চাটখিলে সমিতির অর্থ আত্মসাৎ করায় পাঁচজনকে ৪৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের চার কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৭৮৪ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেল পৌনে ৩টার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান সোনাইমুড়ী উপজেলার মাহুতলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রব হেলাল, সমিতির সহসভাপতি চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের হাজী নুরুজ্জামানের ছেলে আমিন উল্যাহ, সমিতির সেক্রেটারি সোনাইমুড়ী উপজেলার কেগনারখিল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে শফিউল আলম, তার স্ত্রী সমিতির সদস্য সুলতানা পারভিন ও সমিতির সদস্য চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের আমিন উল্যার স্ত্রী উম্মে কুলসুম।
.png)
দুদক সূত্র জানায়, পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সমিতি খুলে গ্রাহকদের এক কোটি ৫৮ লাখ ৪৬৭ টাকা আত্মসাৎ করেন আব্দুর রব হেলাল গং। এ ঘটনায় ২০১৮ সালে পাঁচজনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি বিশেষ মামলা করেন দুদকের নোয়াখালী কার্যালয়ের বর্তমান সহকারী পরিচালক সুবেল আহমেদ।
আদালতের পিপি আবুল কাশেম বলেন, রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি। তবে বাকিরা পলাতক রয়েছেন। এ মামলায় প্রধান আসামি ১০ বছর সাজা খাটতে হবে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারের দিন থেকে সাত বছর সাজা খাটতে হবে।