ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৮, ৩০ মে ২০২২
টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

টাঙ্গাইলে হত্যা মামলায় কাশেম আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্তকে এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চারমাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ কাশেম আলী বাসাইল উপজেলার করটিয়াপাড়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান।

তিনি জানান, কাশেম আলী ২০০৭ সালের ৮ জুন তাদের এলাকার আলী আজমসহ আরো কয়েকজন একই উপজেলার ময়থা গ্রামে তুলা মিয়ার জমিতে মাটি কাটতে যান। সেখানে কাশেম আলী শত্রুতার জেরে আলী আজমকে মারপিট করে। এতে আজম গুরুতর আহত হন। 

Advertisement

প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৮ জুন তার মৃত্যু হয়। ওই দিনই আলী আজমের স্ত্রী চায়না বেগম বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। তদন্ত শেষে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার ১৫জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত কাশেম আলী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!