ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশা চালককে ছুরিকাঘাত করায় তরুণীকে ধরলো পুলিশ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৩০ মে ২০২২
রিকশা চালককে ছুরিকাঘাত করায় তরুণীকে ধরলো পুলিশ 
হামলাকারী তরুণী পাপড়ি ঘোষ ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদর মডেল থানার সামনে রিকশা চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া এক তরুণীকে আটক করেছে পুলিশ। ছুরিকাঘাতে রিকশাচালক গুরুত্বর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

হামলাকারী তরুণী পাপড়ি ঘোষ শহরের ঘোনার পাড়ার শংকর ঘোষের মেয়ে। তিনি চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। হামলায় আহত রিকশাচালক মো. সরওয়ার রামু উপজেলার চাকমারকুলের পূর্ব মোহাম্মদ পুরের মৌলভি শাহজাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে রিকশাচালক একজন নারী যাত্রী নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে এক তরুণী রিকশার সামনে এসে দাঁড়ান। এরপর কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে ছুরি বের করে রিকশাচালকের পেটের পাশে ছুরিকাঘাত করেন। পরে লোকজন ওই তরুণীকে ঘিরে ফেলে এবং পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তরুণীকে ছুরিসহ আটক করে এবং আহতকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

Advertisement

হামলাকারী তরুণী পাপড়ি ঘোষ জানান, তিনি পারিবারিক সমস্যার কারণে ‘মানসিক সমস্যায়’ আছেন। এর মধ্যে রিকশা চালক তাকে কটূক্তি করেছে। তাই ছুরিকাঘাত করেছেন। সঙ্গে ছুরি কেন- এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো জবাব দেননি। 

এদিকে পুলিশ বলছেন, গতকালও (ঘটনার আগের দিন) মেয়েটি তার এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করেছে। সে দীর্ঘদিন রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কাজ করতেন৷ 

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা বলছে, রিকশাওয়ালার কোনো দোষ নেই। তরুণীটি দেখতে ভালো পরিবারের ভদ্র-শিক্ষিত মনে হলেও তার গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। তিনি কোনো কথা ছাড়াই রিকশাটি দাঁড় করিয়ে কিছু বুঝে ওঠার আগেই রিকশাওয়ালাকে ছুরিকাঘাত করেন। এছাড়া ওই তরুণীকে এর আগেও ওই সড়কে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী তরুণী মানসিকভাবে স্বাভাবিক না। তরুণী স্বীকার করেছেন পারিবারিক কারণে ডিপ্রেশনে আছেন। এছাড়া রিকশাচালক নাকি তাকে কটূক্তি করেছে। আহত রিকশাচালককে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তদন্ত করে দেখা হচ্ছে কেন হামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!