রাজবাড়ীতে গাছের নিচে চাপা পড়ে শিশু নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি লি. এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে কেটে রাখা গাছের গুড়ির নিচে চাপা পড়ে চুমকি আক্তার নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত চুমকি আক্তার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে। নবু ওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, মহাসড়ক বড়ো করার জন্য গাছ কাটা হচ্ছে। এ জন্য কেটে রাখা গাছ মহাসড়কের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। স্তূপের মধ্য থেকে চিকন একটি ডাল চুমকি বের করার জন্য টান দিলে স্তূপ করা গাছের বড় বড় গুড়ি তার উপর পড়ে। এ সময় চুমকি ওই গাছের গুড়ির নিচে চাপা পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শাহ মো. শরীফ জানান, শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা প্রদানের পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কাজ চলছিল। কিন্তু অ্যাম্বুলেন্স সমস্যার কারণে তাকে দ্রুত স্থানান্তর করা সম্ভব হয়নি। এ অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।