ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
গাছ কাটা নিয়ে ঝগড়া, প্রাণ গেল দুই বৃদ্ধের
বরিশালের উজিরপুরে গাছ কাটা নিয়ে ঝগড়ায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা মারা যান।
মৃতরা হলেন- উপজেলার শোলক গ্রামের কামিনী দত্তের ছেলে ৬২ বছর বয়সী চিত্ত দত্ত ও একই গ্রামের করিম সরদারের ছেলে ৬০ বছরের আব্দুল হক সরদার।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে চিত্ত দত্তের বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে জমি কেনেন আব্দুল হক সরদার। সম্প্রতি সেই জমির ওপর কিছু গাছ বিক্রি করেন চিত্ত দত্তের অপর ভাই শংকর দত্তের ছেলে দুর্জয় দত্ত। বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় আব্দুল হক সরদার লোকজন নিয়ে সেখানে যান। এ সময় দুর্জয়ের কাছে গাছ বিক্রির কারণ জানতে চান।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্জয় দত্তকে চড়-থাপ্পড় দেন আব্দুল হক সরদারের লোকজন। বিষয়টি দেখে ঘটনাস্থলে এসে আব্দুল হক সরদারের সঙ্গে তর্কে জড়িয়ে যান চিত্ত দত্ত। পরে তাদের হাতাহাতি হয়।
দুর্জয় দত্ত জানান, ঝগড়ার একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন চিত্ত দত্ত। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে নিয়ে বাটাজোর এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিত্ত দত্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এছাড়া চিত্ত দত্তকে নিয়ে আসার কিছুক্ষণ পর আব্দুল হক সরদারও অসুস্থ বোধ করতে থাকেন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ বলেন, দুজনের মৃত্যু স্ট্রোকের কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার আগে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।