খাট বেচাকেনাকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধ নিহত
ময়মনসিংহের গৌরীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আবুল কালাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত কালাম খান্দার গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
জানা যায়, উপজেলার শাহগঞ্জ বাজারে অবস্থিত অচিন্তপুর ইউপিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা-ভাঙচুর, সংঘর্ষে ৫ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম রাতেই মারা যান।
অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মো. জায়েদুর রহমান জানান, ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সুবুর মিয়া গাগলা গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী আব্দুর রাশিদের কাছ থেকে ‘খাট’ কেনেন। কাঠের দরদামকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। সুবুর মেম্বারের লোক নয়নের নেতৃত্বে কয়েকজন গিয়ে কাঠমিস্ত্রি আব্দুর রাশিদকে শাসান। এ নিয়ে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে দু’পক্ষকে নিয়ে সালিশ হয়।
.png)
বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর সালিশ হওয়ার সময় নির্ধারণ ছিলো। এ সময় প্রচণ্ড বৃষ্টি হওয়ায় সালিশ বিলম্ব হয়। পরে সিদ্ধান্ত হয় আছরের নামাজের পর সালিশ হবে। এর মধ্যে গাগলা গ্রামের চান মিয়ার ছেলে রাকিবুল ইসলাম শাহগঞ্জ বাজারে আসলে খান্দারের লোকজন তাকে ধরে নিয়ে মারধর করে। এরপরেই খান্দার ও গাগলার লোকজন সংঘর্ষ-ধাওয়া, পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। ইউপিতে ইট-পাথর নিক্ষেপ করে ও কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। পরিষদের অফিসকক্ষে ঢুকে গাগলা গ্রামের মমতাজ উদ্দিন হিরাকে কুপিয়ে পুরো অফিস রক্তাক্ত করে।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার জানান, গাগলা গ্রামের চান মিয়ার ছেলে রাকিবুল ইসলাম, মহিউদ্দিন বাদশার ছেলে মমতাজ উদ্দিন হিরা, খান্দারের আব্দুর রাজ্জাকের ছেলে শেখ হালিম ও শাহজাহান আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।