ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উল্টে গেল দুই মালবাহী ট্রাক
ময়মনসিংহের নান্দাইলে ও ঈশ্বরগঞ্জ উপজেলার পৃথক স্থানে দুই মালবাহী ট্রাক উল্টে গেছে। এতে উভয় গাড়ির চালক ও হেলপার আহত হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার ভোর ছয়টার দিকে নান্দাইল উপজেলার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের সাভার নামক স্থানে একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুটি গাছ ভেঙে পাশের জমিতে উল্টে পড়ে। এতে অল্পের জন্যে রক্ষা পায় দরিদ্র বাচ্চু মিয়ার বাড়ি।
তিনি জানান, আমি তখনো ঘুমে, হঠাৎ বিকট শব্দ শোনে ঘুম ভাঙে । দ্রুত ঘর থেকে বের হয়ে দেখি প্রায় আমার ঘরের ওপর পড়তে যাচ্ছিল ময়মনসিংহগামী একটি ধান বোঝাই ট্রাক। আল্লাহ রক্ষা করছে আমার ঘরটি, আমার ঘরে ওপর পড়লে আমার পরিবারের সদস্যরা আহত বা নিহত হতাম। চালক ও হেলপার সামান্য আহত হয়েছেন। তারা চিকিৎসা নিতে নান্দাইল উপজেলা সদরের দিকে যেতে দেখেছি।
.png)
অপর দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ বাজার সংলগ্ন মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবালি বোঝাই ট্রাক সকাল সাড়ে সাতটার দিকে উল্টে যায়। এতে বিদ্যুৎ এর খুঁটি স্কুলের বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাইভার ও তার সহযোগী দুজনেই আহত হয়েছেন। তারা চিকিৎসা নিতে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালের দিকে গেছেন।
স্থানীয় হুমায়ুন নামে এক যুবক বলেন, বেশির ভাগ চালক সারারাত জেগে গাড়ি চালায় ফলে প্রায়শই এই মহাসড়কে এ ধরণের দুর্ঘটনা ঘটছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, আমি ঘটনাটি শুনেছি। এসব ঘটনার জন্য তিনি চালকদের একটানা দীর্ঘ সময় গাড়ি চালানোসহ রাত জেগে গাড়ি চালানোকে দায়ী করেন।