ফ্রি-ফায়ার খেলতে খেলতে ট্রেনে কাটা পড়ল স্কুলছাত্র
দিনাজপুর চিরিরবন্দরে রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে ঐ উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রাম সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় বাবু একই ইউনিয়নের আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুরের বাবলু হোসেনের ছেলে।
.png)
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, স্কুল বন্ধ থাকায় হৃদয় বাবু সকালে ঘুম থেকে উঠে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। ঐ সময় তার কানে হেডফোন ছিল। খেলতে খেলতে সে রেললাইনের উপর গিয়ে বসে। ঐ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর ছেড়ে আসে। ট্রেনেটি একাধিকবার হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় হৃদয় বাবু তা শুনতে পায়নি। ফলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
দিনাজপুর জিআরপি থানার এসআই জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।