বাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের
ময়মনসিংহের নান্দাইলে নিজ বাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইকবাল নামে অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। ৯ জুন বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নান্দাইল পৌরসদরের চন্ডিপাশা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইকবাল উপজেলার সিংরইল ইউপির দিলালপুর গ্রামের মৃত আব্দুল খালেক ভূঁইয়ার পুত্র। তিনি তিন বছর আগে উপজেলার উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, স্ত্রী দুই সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরেই পৌরসভার নিজ বাসায় বসবাস করতেন। তার স্ত্রী আফরোজা বেগম নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক হিসেবে কর্মরত আছেন। ঘটনার আগে পাশের একটি ফার্নিচারের দোকান থেকে একটি হাতুড়ি নিয়ে বাসার ছাদে উঠেন কাজ করতে।টানা বৃষ্টির ফলে ছাদ পিচ্ছিল হয়ে যাওয়ায় সেখান থেকে মাটিতে পড়ে যান। তৎক্ষণাৎ স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষকের হঠাৎ মৃত্যুতে প্রতিবেশী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল জানান, ‘ইকবাল স্যার খুবই স্বজ্জন মানুষ ছিলেন। তিনি সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলাফেরা করতেন। তার মৃত্যুকে নান্দাইল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজ গভীর ভাবে শোকাহত।