ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকের ধোঁকায় বিষপান করা সেই স্কুলছাত্রী মারা গেছে

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১০ জুন ২০২২
প্রেমিকের ধোঁকায় বিষপান করা সেই স্কুলছাত্রী মারা গেছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ছবি

যশোরের চৌগাছায় একসঙ্গে বিষপানের সিদ্ধান্ত নিয়ে প্রেমিকার বিষপানের পর প্রেমিক পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রী রাজিয়া সুলতানা মিম মারা গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার নিহত রাজিয়া সুলতানা মিমের চাচা তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিয়া সুলতানা মিম ঐ উপজেলার জগদীশপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে মির্জাপুর জগদীশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক টগর চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

এর আগে, বুধবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় মিম ও টগর। তবে সেই সিদ্ধান্ত অনুযায়ী মিম বিষপান করার পর পরই পালিয়ে যান টগর। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক মিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, মিমের সঙ্গে টগর নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। কয়েকদিন আগে তারা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। তবে তাদের বিয়ে মেনে নিতে রাজি হয়নি কোনো পক্ষই। বুধবার সকাল ১০টার দিকে মিমকে স্কুলের পেছনের মাঠে ডেকে নিয়ে টগর জানায়- তারা একসঙ্গে বিষপানে আত্মহত্যা করবে। টগর নিজেই বিষ কিনে আনে। মিমের হাতে বিষ তুলে দিলে সে তা পান করে অসুস্থ হয়ে পড়ে। ঐ সময় টগর পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষকরা মিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!