[ দেশজুড়ে ]
উখিয়ায় পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৪৯১ রাউন্ড তাজাগুলি।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে এপিবিএন-৮ এর টহলদলকে লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে আত্মরক্ষায় গুলি ছোড়েন এপিবিএন সদস্যরা। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে বিদেশি অস্ত্র ও ৪৯১টি তাজাগুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন।
.png)
তিনি বলেন, ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাড়ানো হয়েছে তৎপরতা।
এর আগে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে ঐ ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত আজিম উদ্দিনের স্ত্রী করা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৫ জন।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!