ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধী চক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১৮ জুন ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধী চক্রান্ত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেশি-বিদেশি ১৫০টিরও বেশি এনজিও কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বেশ কিছু এনজিও’র তৎপরতা খুবই আপত্তিকর। এসব চিহ্নিত এনজিও’র কর্মকর্তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত না যেতে উৎসাহিত করছেন। এমনকি মিয়ানমারে থাকা রোহিঙ্গাদেরও এদেশে নিয়ে আসার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন তারা।

হ্যান্ডিক্যাপ নামে এনজিওতে কর্মরত এক ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে জানান, এনজিওগুলো রোহিঙ্গাদের না যাওয়ার বিষয়ে বেশি উৎসাহিত করে। তাদেরকে (রোহিঙ্গা) কখনোই বলা হয় না যে, এক সময় নিজের দেশে ফেরত যেতে হবে। স্ব-স্ব এনজিও’র উচ্চ পর্যায়ের নির্দেশনা মানতে গিয়ে স্থানীয় যারা চাকরিতে আছেন, তাদেরকেও এ অপতৎপরতায় লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিআরসি এনজিও’র এক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী রোহিঙ্গাদের কাজ করার অধিকার না থাকলেও ভলান্টিয়ার বানিয়ে তাদেরকে এনজিও’র চাকরি দেওয়া হচ্ছে। এর ফলে রোহিঙ্গারা আর্থিকভাবে সামর্থ্যবান হয়ে যাচ্ছেন। তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে সক্ষম হচ্ছেন। এতে তাদের নিজের দেশে ফেরত যাওয়ার মানসিকতা লোপ পাচ্ছে।

Advertisement

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, কিছু এনজিও রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, দেশি-বিদেশি এনজিওগুলো পর্দার আড়ালে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে তা খুবই উদ্বেগজনক। তাদের কর্মকাণ্ড নজরদারি করা জরুরি হয়ে পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!