আদমদীঘিতে গোপনে পর্নোভিডিও বেচতো রিপন
বগুড়ার আদমদীঘিতে দীঘদিন পর্নোভিডিও সরবরাহের ব্যবসায় জড়িত রিপন ইসলাম (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে হার্ডডিক্স, মনিটর, সিপিইউ, কি-বোর্ড, মাউস ও টাকা উদ্ধার করা হয়।
শনিবার রাতে উপজেলার সান্তাহার মিনি বাসস্ট্যান্ডের হারুন ফোন ফ্যাক্স অ্যান্ড মাল্টিমিডিয়া দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন ঐ উপজেলার নামাপোওতা গ্রামের ইছাহাক আলীর ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, আদমদীঘির এক ব্যবসায়ী নিজ কম্পিউটারে পর্নোভিডিও সংরক্ষণ ও গ্রাহকদের নিকট সরবরাহ করে অর্থ উপার্জন করছে। এ তথ্যের ভিত্তিতে বগুড়ার র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে। এ সময় তার প্রতিষ্ঠান থেকে পাঁচটি হার্ডডিক্স, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি কিবোর্ড, দুটি মাউস, ছয়টি ক্যাবল, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, রিপনকে গ্রেফতার ও উদ্ধার করার ঘটনায় রোববার সকালে আদমদীঘি থানায় র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মানিক মিয়া বাদি হয়ে একটি মামলা করেন। রিপনকে দুপুরে আদালতে তোলা হয়েছে।