ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে কমেনি পানি, দুর্ভোগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ২০ জুন ২০২২
চট্টগ্রামে কমেনি পানি, দুর্ভোগ
কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। ছবি: ডেইলি বাংলাদেশ

কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। জলজট ও এর প্রভাবে সৃষ্টি হওয়া যানজটে আটকে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

এদিকে, সোমবার ভোর থেকে বৃষ্টি থামলেও কমেনি জলজট। ফলে রয়েই যায় দুর্ভোগ। 

সোমবার সকাল থেকে নগরের চান্দগাঁও, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, আগ্রাবাদসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, এখনো বৃষ্টির পানিতে টইটম্বুর এসব এলাকা। কোথাও কোথাও রয়েছে হাঁটুপানি। আবার কোথাও তারও বেশি।

Advertisement

চান্দগাঁও এলাকায় কথা হয় অটোরিকশাচালক মোহাম্মদ নাছিরের সঙ্গে। তিনি বলেন, সকালে গাড়ি নিয়ে বেরিয়েছি। ভোর থেকে আর বৃষ্টি না হওয়ায় ভেবেছিলাম রাস্তায় পানি থাকবে না। কিন্তু চান্দগাঁও এসে আটকে গেছি। এভাবে দিনের পর দিন শহর পানিতে ডুবে থাকলে গাড়ি চালানো যাবে না।

দুই নম্বর গেট এলাকায় যানজটে আটকে থাকা বাসচালক মোহাম্মদ সোহেল বলেন, পানির কারণে গাড়ি ঠিকমতো চলতে না পারায় যানজট তৈরি হচ্ছে। পানি না কমলে যানজট কমবে না। মানুষের কষ্টও কমবে না।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহওয়া অফিস। 

পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে শহরের অধিকাংশ এলাকায় পানি জমে যাবে। একই সঙ্গে আজ বিকেল ৫টা পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সঙ্গে পাহাড় ধসের সর্তকর্তা বার্তা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!