ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২১ জুন ২০২২
নেশার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেফতার
গ্রেফতারকৃত আল মামুন- ফাইল ছবি

পঞ্চগড়ের বোদায় নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন তার বাবা।

এর আগে, সোমবার সন্ধ্যায় বোদা পৌর এলাকার জামাদার পাড়ায় মারধর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আল মামুন ঐ এলাকার রেজাউল করিমের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আল মামুন মাদকাসক্ত। স্ত্রী মুনিয়ারা বেগম ও ছেলে মামুনকে নিয়ে ছোট একটি মুদি দোকান চালান রেজাউল করিম। প্রতিনিয়ত দোকান থেকে মাদকের জন্য টাকা নিয়ে যেতেন মামুন। সোমবারও দোকানের মালামাল বিক্রির কিছু টাকা নিয়ে পালিয়ে যান। বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন। ঐ সময় মা তাকে দোকানের টাকার কথা জিজ্ঞেস করতেই মাকে গালাগালি শুরু করেন মামুন। রাতে আবার নেশার জন্য মায়ের কাছে টাকা দাবি করেন। এক পর্যায়ে মা মুনিয়ারাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন। ঐ সময় স্ত্রীর চিৎকারে রেজাউল ছুটে এলে তাকেও মারধর করেন মামুন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।

Advertisement

বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী বলেন, খবর পেয়ে নেশাগ্রস্ত অবস্থায় আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। সে তার বাবা-মাকে প্রচণ্ড মারধর করছিল। পুলিশ তার বাবা-মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে রেজাউল করিম ও তার স্ত্রী সুস্থ আছেন। গ্রেফতারকৃত মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!