রাঙ্গামাটিতে দু’পক্ষের বন্দুকযুদ্ধ, নিহত ১
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সন্ত্রাসী দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) রাত থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার গাইন্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওগাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেএসএস মূল দলের। তার নাম অভিষেক চাকমা।
রাজস্থলী ইউনিয়ন চেয়ারম্যান পুচিংমং মারমা বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ওগাড়ি পাড়া এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। শনিবার (২৫ জুন) সকালে এলাকার মানুষ কাজে বের হলে জলপায় রঙের পোশাক পরা একজনের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে পুলিশকে জানিয়েছি।
স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস (সন্তু লারমা) ও মগ পার্টির মধ্যে এ গোলাগুলি হয়। বর্তমানে দুটো দলই মুখোমুখি অবস্থানে আছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
.png)
এ ব্যাপারে জেএসএস রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা জানান, রাজস্থলীতে তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। জেএসএসের কোনো সদস্য নিহতের খবর তার কাছে নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, আমরা সকালে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠাই। তারা দুপুরের দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।