রোববার বিকেলে উপজেলার সদর ইউপির ফারংপাড়া গ্রামের সোমেশ্বরী নদীর পাড় থেকে তিন ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর সদস্যরা।
জানা যায়, সোমেশ্বরী নদীর ১ নম্বর বালুরঘাটে বালু তোলার সিক্স সিলিন্ডার মেশিনের পাশে বাঁশের সঙ্গে অজগরটি পেঁচিয়ে থাকতে দেখেন এক শ্রমিক। পরে বিষয়টি ড্রেজার মালিককে জানালে তাৎক্ষণিক তিনি সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং সদস্যদের খবর দেন। স্বেচ্ছাসেবকরা অজগরের বাচ্চাটি উদ্ধার করে অবমুক্ত করেন।
.png)
ধারণা করা হচ্ছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে গাছপালার সঙ্গে বাচ্চাটিও ভেসে এসেছে। পরবর্তীতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ড্রেজার মেশিনের বাঁশের ওপর আশ্রয় নেয়।
সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং সাংগঠনিক সম্পাদক সুশান্ত প্রাসাদ জানান, পাহাড়ি জনপদ সুসং দুর্গাপুরে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা। এছাড়াও পাহাড়ি কন্যা সোমেশ্বরীর স্রোতে উজান থেকে প্রায়ই বিভিন্ন প্রকার প্রাণী ভেসে আসে। এরই মাঝে অজগরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। সাম্প্রতিক সময়ে আকস্মিক পাহাড়ে ঢলে তীব্র স্রোতে সোমেশ্বরী নদীর দুপাড়ের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই ঢলে বিভিন্ন প্রকার প্রাণীও ভেসে আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে প্রাণীদের উদ্ধারে বিভিন্ন রকম প্রচার-প্রচারণাসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর সদস্যরা।
তিনি আরো জানান, এরই মধ্যে ২৪টি রেসকিউ অপারেশনের মাধ্যমে অজগর, মেছোবাঘ, লজ্জাবতী বানরসহ বিভিন্ন প্রকার প্রাণী উদ্ধারের পর বনে অবমুক্ত করেছি। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে চলে এসে অজগর সাপের বাচ্চাটি উদ্ধার করি। অজগরের বাচ্চাটি খুবই ছোট। এটি লম্বায় প্রায় তিন ফুটের মতো হতে পারে। বিগত সময়ে আরো আটটি অজগর সাপ উদ্ধার করে বানাবো মুক্ত করেছে। ঐ গুলো লম্বায় ১০-১২ ফুট পর্যন্ত ছিলো। এই নিয়ে ৯টি অজগর সাপ উদ্ধার করলাম।