ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২৭ জুন ২০২২
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডিতরা হলেন ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সেজনু মিয়া ও মিজানুর রহমান, একই গ্রামের ফয়জ উদ্দিনের ছেলে মুনসুর আলী ও গঙ্গাবর গ্রামের মৃত আলী ফকিরের ছেলে জামাল ফকির।

Advertisement

টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামে আসামিরা পার্শ্ববর্তী একটি জমিতে জোরপূর্বক দখল নিয়ে চাষাবাদ করতে যান। এ সময় জমির মালিক আব্দুর রহিম তাদের বাঁধা দিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩১ ডিসেম্বর আব্দুর রহিম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. সুলতান মিয়া ২০০৫ সালের ৩ জানুয়ারি ধনবাড়ী থানায় ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

তিনি আরো জানান, মামলা তদন্তকারী কর্মকর্তা ও ধনবাড়ী থানার এসআই মাহবুবুল আলম ২০০৫ সালের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০০৭ সালের ১৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

রায় ঘোষণার পর দণ্ডিত মিজানুর রহমান, মুনসুর আলী ও জামাল ফকিরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় এবং অপর দণ্ডিত সেজুন মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

এছাড়াও ২০১৭ সালের ১ সেপ্টেম্বর মামলার আসামি ময়েজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!