কেন্দ্রের নির্দেশ মানছে না যশোর জেলা ছাত্রদল
যশোর জেলা ছাত্রদলে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন উপজেলা ছাত্রদলেও। এমনকি জেলা ছাত্রদলের নেতারা মানছেন না কেন্দ্রের নির্দেশনাও।
সম্প্রতি কেন্দ্র থেকে যশোর জেলা ছাত্রদলকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। এ নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতারা কার্যক্রমে অংশ গ্রহণ করেননি। এর ফলে জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলার ১১ জন নেতাকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে। বুধবার তাদের এ নোটিশ দেওয়া হয়।
এতে দুই দিনের মধ্যে ঐ ১১ জন নেতাকে জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মুনিরুজ্জামান জীবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
শোকজপ্রাপ্ত নেতারা হলেন- মণিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য সচিব এনামুল কাদির, অভয়নগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইম উদ্দিন বিজয়, সদস্য সচিব তকিবুর রহমান, নোয়াপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন, সদস্য সচিব মো. ফয়সাল, বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব হৃদয় তারেক।